দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত'র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টানানো বিভিন্ন ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো জসিম উদ্দিন শান্ত'র ছবি সংবলিত একাধিক ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে জসিম উদ্দিন শান্ত'র জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। তারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত বলেন, "আমি সবসময় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলছি। কারা বা কেন এমন কাজ করেছে তা প্রশাসন তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী।"
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের প্রচার-প্রচারণা নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com