মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের শশীদল পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি সেতুর ওপর থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার শফিউল আলম (২০), শশীদল পশ্চিমপাড়ার সালাউদ্দিন হোসেন সাগর (২২) এবং আনন্দপুরের উত্তর তেতাভূমি এলাকার আক্তার হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদ সরকারকে এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া একই দিনে পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান,পৃথক এসব অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা মাদক ও অটোরিকশা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com