ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক ৪ অভিযান, মদ-গাঁজাসহ চোরাচালানের পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক চারটি বিশেষ অভিযানে ভারতীয় অলিভ অয়েল, বাজি, ট্যাং পানীয় পাউডার, ওডোমস ক্রিম, হুইস্কি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে চোরাচালান ও মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় তৈরি অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে এসআই মো. জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড়ে সিদ্দিকুর রহমানের বাড়ির ফটকের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং (TANG) পানীয় পাউডার ও ৬০০টি ভারতীয় ওডোমস (ODOMOS) ক্রিম উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আলম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিদলা এলাকার বাসিন্দা।

একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের পাশে আরএমসি নামের একটি ট্রেনিং সেন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ছয় কেজি গাঁজা উদ্ধারসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া বিকেল ৩টা ৫০ মিনিটে এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ইদু মেম্বারের বাড়ির উত্তর পাশের সেতুসংলগ্ন সড়কে অভিযান চালায়। এ সময় চার বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধারসহ অজিত চন্দ্র নমঃ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ১০০ বোতল অলিভ অয়েল, ৭০ প্যাকেট বাজি, ৪০ প্যাকেট ট্যাং, ৬০০টি ওডোমস ক্রিম, চার বোতল হুইস্কি ও ছয় কেজি গাঁজা।

ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন বলেন,  এসব ঘটনায় সংশ্লিষ্ট চোরাচালান ও মাদকদ্রব্য- নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
18 October 2026

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক ৪ অভিযান, মদ-গাঁজাসহ চোরাচালানের পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

www.cumillaexpressnews.com