
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে আবারো বেপরোয়া মাদক কারবারী আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েক দফা ইয়াবাসহ গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন তিনি। মাদক কারবারী আনোয়ার উপজেলার পইয়াপাথর এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজার এলাকায় আনোয়ারের মালিকানাধীন আল মদিনা রেস্ট হাউজ কে ঘিরে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে বসেই মাদক সেবন ও কেনাবেচার আসর বসে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় ইয়াবাসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবার শুরু করেন আনোয়ার তাছাড়া মাদক কারবার করবে না বলেও একাধিক বার পইয়াপাথর সমাজ কল্যান সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করার পরও থেমে নেই তার মাদকের কারবার৷ এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, কোম্পানীগঞ্জ বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে আনোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক নির্মূলে জেলা জুড়ে চালানো হচ্ছে বিশেষ অভিযান। মাদক কারবারে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে৷
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।