
দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনজিও ফোরাম দেবিদ্বারের সদস্য সচিব ও আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।