
মাহফুজ আহম্মেদ, দেবিদ্বার থেকেঃ
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই চোরকে অবশেষে নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে এসআই ফিরোজ আহাম্মেদ ও তানভির হাসানসহ একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।সকল আইনী প্রক্রিয়া শেষে ঝিনাইদহ থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামী নিয়ে দেবিদ্বার থানায় পৌঁছেছেন বলে জানান অভিযানে থাকা এসআই ফিরোজ আহাম্মদ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. জাকির হোসেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সেই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি দুই নারী স্বজনের সঙ্গে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় পেছনের দিক থেকে কৌশলে চার লাখ টাকা তুলে নিয়ে মুহূর্তে কেটে পড়ে ওত পেতে থাকা চোর।
ব্যাংকের ভেতরের এই দুর্ধর্ষ চুরির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
টাকা উদ্ধারের বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, “জরুরি প্রয়োজনে কিস্তিতে ঋণ নেওয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ ১ লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে ধরেছে, আশা করছি বাকি টাকাও উদ্ধার হবে।”
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে। ভিডিও ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।